গাঙচিল নিউজ ডেস্ক
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। আজ সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র ও ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী।
এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন জন উত্তীর্ণ হয়েছে। ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র ও ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।
মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৭ হাজার ৮৭ জন, অংশগ্রহণ করে ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ অকৃতকার্য ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন। আর পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
কারিগরি বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে উত্তীর্ণ ৭৪ হাজার ৪৭০ জন ও অকৃতকার্য হয় ৫৩ হাজার ৪৯৪ জন। আর পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এবার এসএসসির মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং অকৃতকার্য হয় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। সর্বমোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)