স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্থানীয় মহিউদ্দিন সড়কের কে এম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক ব্যক্তিরা হলেন- খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।
খুলনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় কে এম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার ভাড়াটিয়া কুব্বাত আলীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় প্রথমে ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।"
তিনি জানান, "পরে সন্ধ্যার দিকে ওই ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতিসহ দেশীয় তৈরি আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর উৎস ও মজুতের বিষয়ে জানতে পরিবারের তিন সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
ইন্সপেক্টর (তদন্ত) আরও বলেন, "বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনাটি তদন্তে নামে পুলিশ। তবে প্রাথমিকভাবে অস্ত্র বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেলে পুলিশ আবারও এলাকায় অভিযান চালায়।"
এ সময় এলাকাবাসীর সহযোগিতায় দারোগাপাড়ার ওই বাড়ির দোতলায় অভিযান চালানো হয়। সেখানেই কুব্বাত আলীর ঘর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)