স্টাফ রিপোর্টার
দেশজুড়ে বাঙালি সংস্কৃতি ও চেতনার বিকাশে কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় নিয়ে ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসা পুনর্নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিন বছরের জন্য ১৫ সদস্যের কার্যকরী সংসদ নির্বাচিত হয়। একই সঙ্গে ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন। কার্যকরী সংসদের অন্যান্য সদস্য হলেন- মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।
এছাড়া উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন- সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।
নবনির্বাচিত নেতৃত্ব ছায়ানটের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা, নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং দেশজুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)