গাঙচিল নিউজ ডেস্ক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২০, লালবাগ বিভাগ ৪১, ওয়ারী বিভাগ ৪৮, মতিঝিল বিভাগ ৪৮, তেজগাঁও বিভাগ ৫৯, মিরপুর বিভাগ ১৫৬, গুলশান বিভাগ ৫৯, উত্তরা বিভাগ ৫৬ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোয়িন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)