স্পেশাল করেসপনডেন্ট
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সোসাইটি ও আরবরিকালচার সেন্টারের সহযোগিতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এই কর্মসূচির আয়োজন করে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং আল-আরাফাহ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুর রহমান চৌধুরী।
এছাড়াও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আফরোজ সুলতানা চ্যামন, অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন, অধ্যাপক ড. মো. নাদিরুজ্জামান মন্ডল এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার সামাজিক দায়িত্বও।
কর্মসূচির অংশ হিসেবে ফজলুল হক মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, কবি সুফিয়া কামাল হল, রোকেয়া হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও স্যার এ এফ রহমান হলসহ বিভিন্ন হলের প্রতিনিধির মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)