মেডিকেল ডেস্ক
রাজধানীর পল্টন থানাধীন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক অধ্যাপক ও বিভাগীয় প্রধান গুরুতর আহত হয়েছেন। আহত চিকিৎসকের নাম অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান (৫৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
তবে পুলিশ বলছে, কোনো রোগীকে চিকিৎসা করানোকে কেন্দ্র করে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
সোমবার (১৭ আগস্ট) রাতে শান্তিনগর এলাকায় প্রাইভেট চেম্বার শেষে সিএনজিযোগে বাসায় ফেরার সময় ডা. আসাদুর রহমানকে ৪-৫ জন দুর্বৃত্ত সিএনজির গতিরোধ করে হামলা চালায়। পরে আহত চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ডিউটিরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাঁর ওপর দুর্বৃত্তদের হামলার বিষয়টি এভাবেই বর্ণনা করেন আহত চিকিৎসক।
এদিকে পুলিশ বলছে, কোনো রোগীর চিকিৎসা করানোকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, শান্তিনগর এলাকায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কোনো রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। এতে তার চোখে সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ দেওয়া হলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা নেওয়া হবে।
এদিকে অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চিকিৎসক ঐক্য পরিষদ, ইউনাইটেড মেডিক্যাল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব) সহ আরও অনেক চিকিৎসক পেশাজীবী সংগঠন।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)