স্টাফ রিপোর্টার
মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকেরা। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ ধর্মঘট শুরু হয়। এতে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাস শ্রমিক ও মালিকদের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক-মালিকদের বিরোধ দীর্ঘদিনের। বরিশাল থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রাচালকদের বিরোধ হয়। পরে ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রাচালকেরা একত্র হয়ে বাস শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করে। এরপর বানারীপাড়ার দিকে যাওয়া অন্য বাসেও একই ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করা হয়। পরে দূরপাল্লার বাসও বন্ধ করে দেন শ্রমিকেরা।
বাস চলাচল বন্ধ থাকায় নথুল্লাবাদ বাস টার্মিনালে আটকা পড়েছেন অনেক যাত্রী। কেউ বাসের অপেক্ষায় টার্মিনালে বসে আছেন, আবার দূরপাল্লার বাসে ওঠা যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে। হঠাৎ ধর্মঘটের কারণে বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)