স্টাফ রিপোর্টার
বাগেরহাটে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান-২০২৬’ এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির সাবেক শিবির নেতা অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ। শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলামী।জকসু ভিপি রিয়াজুল ইসলাম।বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ শুনু সহ বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার প্রায় ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের জন্যও গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার জন্য কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অতিথিরা।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)