মেডিকেল ডেস্ক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ট্রেইনি চিকিৎসকের ওপর কিছু আনসার সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, এ হামলায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের কমান্ডারসহ বেশ কিছু সদস্যও জড়িত ছিল।
এ ঘটনায় চিকিৎসক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে চিকিৎসক সমাজের বিভিন্ন সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।
চিকিৎসকদের মতে, দেশের বিভিন্ন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে চিকিৎসাসেবার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যা শেষ পর্যন্ত রোগীসেবাকেও প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতি ও প্রতিবাদের নজির রয়েছে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)