স্টাফ রিপোর্টার (বাগেরহাট)
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পৌরসভার ১০৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে ২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসেনে আরা হাসি সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা বেগম হাসি ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এফ. এম. কামরুল ইসলাম বই প্রতীক নিয়ে ৩ ভোট এবং ফজলুল হক খোকন ফুটবল প্রতীক নিয়ে ১ ভোট পান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাসেল মোল্লা। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ৭১ নম্বর দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন। নির্বাচনে মোট ১২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের মধ্যে ছিলেন ৬ জন অভিভাবক সদস্য, ১ জন জমিদাতা প্রতিনিধি, ১ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ৩ জন শিক্ষক প্রতিনিধি।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন মল্লিক, বিএনপি নেতা কামাল হোসেন, জোসনে আরা ফারুকী, প্রধান শিক্ষক মাহমুদা খানম সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
নব নির্বাচিত সভাপতি হোসনে আরা বেগম হাসি বিজয়ের প্রতিক্রিয়ায় গাঙচিল নিউজকে বলেন, "কর্মজীবনে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে ২০ বছর শিক্ষকতা করেছি। এ বিদ্যালয় থেকেই অবসর নিয়েছি। বিদ্যালয় আমার বাড়ি, বিদ্যালয় আমার আঙিনা। সব সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছি। অভিভাবকরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাঁদের প্রত্যাশা পূরণে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।"
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)