স্পেশাল করেসপনডেন্ট
রাজধানীতে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টকে কেন্দ্র করে এসব এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। যানজট এড়াতে ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এ কারণে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিএমপি। ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে বলা হয়েছে।
এ ছাড়া গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে নিজ নিজ গন্তব্যে চলাচল করবে।
অন্যদিকে সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগগামী যানবাহনকে মিরপুর রোড, নিউ মার্কেট, আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে সায়েন্সল্যাব থেকে বাটা ও কাটাবন ক্রসিং হয়ে হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী ক্রসিং ব্যবহার করেও গন্তব্যে পৌঁছানো যাবে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট ও সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোড
ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে গমন করবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট
ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।
আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং
আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭
মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে
অনুষ্ঠান চলাকালীন যানজট ও দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)