গাঙচিল নিউজ ডেস্ক
সম্প্রতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে কেবল টুথপেস্ট বা ব্রাশ নয়, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে আপনার রান্নাঘরেও। আমাদের অতি পরিচিত এবং থালা-বাসন মাজার কাজে ব্যবহৃত স্পঞ্জ থেকে প্রতিনিয়ত পরিবেশে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর প্লাস্টিক কণা (মাইক্রোপ্লাস্টিক)।
আমেরিকান গণমাধ্যম সাইন্স ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আমরা প্রতিদিন যে স্পঞ্জ দিয়ে থালা-বাসন পরিষ্কার করি, ‘ব্যবহারের ফলে তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এই ঘর্ষণের ফলে স্পঞ্জ থেকে অসংখ্য অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক বের হয়ে সরাসরি ড্রেন দিয়ে প্রকৃতিতে মিশে যাচ্ছে। গবেষকরা এটি পরীক্ষা করার জন্য ‘স্পঞ্জবট’ নামক একটি স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করেছেন, যা মানুষের থালা-বাসন ধোয়ার ভঙ্গি নকল করে পরীক্ষা চালায়।’
গবেষণার তথ্য অনুযায়ী, স্পঞ্জের ধরনভেদে প্রতি ব্যক্তি প্রতি বছর প্রায় ০.৬৮ গ্রাম থেকে ৪.২১ গ্রাম পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পরিবেশে নির্গত করতে পারেন। গবেষকদের হিসাব মতে, যদি জার্মানির প্রতিটি পরিবারে একটি নির্দিষ্ট ধরনের স্পঞ্জ ব্যবহার করা হয়, তবে প্রতি বছর প্রায় ৩৫৫ টন মাইক্রোপ্লাস্টিক পরিবেশে জমা হতে পারে। যদিও বর্জ্য শোধনাগারগুলো এর বড় অংশ আটকে দেয়, তবুও প্রতি বছর বেশ কয়েক টন কণা নদী, হ্রদ এবং সমুদ্রে মিশে যাচ্ছে।
তবে এই গবেষণায় একটি চমকপ্রদ তথ্যও উঠে এসেছে। গবেষকরা দেখেছেন যে, থালা-বাসন মাজার ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকের চেয়েও পরিবেশের ওপর বড় নেতিবাচক প্রভাব ফেলে পানির অতিরিক্ত ব্যবহার। গবেষণার ফলাফল অনুযায়ী, হাতে থালা-বাসন ধোয়ার ক্ষেত্রে পরিবেশগত ক্ষতির ৮৫ থেকে ৯৭ শতাংশ দায়ী হলো পানির অপচয়। মাইক্রোপ্লাস্টিকের নির্গমন বাস্তুতন্ত্রের ক্ষতি করলেও পানির অপচয়ের তুলনায় তা অনেক কম।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)