গাঙচিল নিউজ ডেস্ক
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। গত শুক্রবার (২৮ আগস্ট) একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
পরে পর্যায়ক্রমে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন মুন্নী কাদের, মোনালীন আজাদ, ইয়াসমিন মুস্তারি, আনন্দ মজুমদার, পুষ্পিতা বণিক, ইয়াকুব আলী খান, ড. পরিতোষ মন্ডল, শামীমা পারভীন শিমু, মৌসুমি ইকবাল ও মোহমান ইসলাম।
সমবেত নৃত্য পরিবেশন করে নাচের দল সাত্ত্বিক শিল্পাশ্রম; নৃত্যবৃত্তি, নাইম খান ড্যান্স কোম্পানি, নৃত্যাল্পনা, আরাধনা, ভঙ্গিমা ডান্স থিয়েটার। আবৃত্তি করেন শামীমা এলিস, ইকবাল আহমেদ ও সামা ইসলাম।
এদিকে, আজ রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল থেকে শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে মুখর ছিল নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণ। রঙের সঙ্গে স্বপ্ন ও কল্পনার মেলবন্ধনে শিশুদের ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশের নানা রূপ। প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের বিশ্বাস, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।
প্রতিযোগিতায় ১৩০ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী, কবি, শিল্প সমালোচক ও লেখক জাহিদ মুস্তাফা এবং শিল্পী সুনীল কুমার মালো।
স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আশরাফুল আলম পপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এলবার্ট খান, সদস্যসচিব এস এম কামরুজ্জামান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)