স্পোর্টস ডেস্ক
ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই জমে উঠছে। 'রাউন্ড অব ৩২' শেষে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর ৮টি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ। 'রাউন্ড অব ৩২' এর সবশেষ ম্যাচে কলম্বিয়া ঘানাকে হারানোর পরই পূর্ণতা পায় শেষ ষোলোর লাইনআপ। আর্জেন্টিনা এবং মিসরও একই দিনে নিজেদের ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে।
বিশ্বকাপের শেষ ষোলো শুরু হচ্ছে ৪ জুলাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স।
৬ জুলাই রয়েছে দুটি ম্যাচ। প্রথমটিতে বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন সকাল ৬টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে মেক্সিকো।
৭ জুলাইও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও স্পেন। এরপর সকাল ৬টায় সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র খেলবে বেলজিয়ামের বিপক্ষে।
একই দিন রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ষোলোতে ওঠা দলটি বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে খেলবে মিসরের বিপক্ষে। শেষ ষোলোর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সেই ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া।
'রাউন্ড অব ৩২' শেষ হওয়ার পর এখন বিশ্বকাপের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী কয়েকটি দলের মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে চমকের সম্ভাবনাও থাকায় নকআউট পর্ব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)