গাঙচিল নিউজ ডেস্ক
ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মূল্য সমন্বয় করা হয়।
প্রজ্ঞাপন অনুয়ায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুনর্নির্ধারিত এই মূল্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত। নতুন এ মূল্য আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
এর আগে ৩১ আগস্টে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
জ্বালানি বিভাগ বলছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি সত্ত্বেও পরবর্তী পাঁচ মাস দেশের বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত ছিল। বর্তমানে প্রতিবেশী ও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কম।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)