স্পেশাল করেসপনডেন্ট
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম 'কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়' প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।
গত বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজ বিভাগে বিশ্বসেরা হওয়ার এ গৌরব অর্জন করেন রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক আন্তর্জাতিক এই আসরে এবার ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ অংশ নেন। আয়োজক কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড। মূলত মুসলিম তরুণদের কোরআন মুখস্থ, এর মর্মার্থ অনুধাবন ও কোরআন চর্চায় অনুপ্রাণিত করার পাশাপাশি বিশ্বজুড়ে থাকা হাফেজদের মেধা মূল্যায়ন ও সম্মান জানাতে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগের ব্যবস্থা রাখা হয়েছিল, যার সমাপনী অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। অন্যদিকে পুরুষ বিভাগের সমাপনী ও মূল পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয় পবিত্র মসজিদুল হারামে। পাঁচটি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত এ আসরের মোট পুরস্কার মূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ বাজেট।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)