স্বাস্থ্য ডেস্ক
পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে এ ধর্মঘট পালিত হবে।
আজ মঙ্গলবার সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
হঠাৎ করে দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণায় জরুরি রোগী পরিবহন ও হাসপাতাল সেবায় ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সমিতির নেতাদের দাবি, এসব দাবি বাস্তবায়িত না হওয়ায় অ্যাম্বুলেন্স সেবা পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। এতে রোগী পরিবহন ও জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তারা।
অ্যাম্বুলেন্স মালিক সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, ২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধা নিশ্চিত করা, ৩.হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা, ৪. লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা প্রদান এবং ৫. ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২ (সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬ (ব্যবস্থাপনা পরিচালক)