
গাঙচিল নিউজ ডেস্ক
আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। প্রতিবছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালিত হয়। ‘ফাতেহা’ শব্দ দ্বারা সুরা ফাতেহা পাঠ বোঝানো হয় এবং ‘ইয়াজদাহম’ অর্থ ১১ তারিখ। ফার্সি শব্দযুগল ফাতেহা-ই-ইয়াজদাহমের অর্থ হলো ১১ তারিখের ফাতেহা পাঠ।
ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান সুফি সাধক ও উজ্জ্বল ব্যক্তিত্ব শাহ আবদুল কাদের জিলানি (রহ.) আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবস উপলক্ষে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে স্মরণ করা হয়।
মূলত এই দিনে মুসলমানরা বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.)-এর অসামান্য অবদান ও ইসলামের জন্য তাঁর আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এবং সুরা ফাতেহাসহ কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে তাঁর প্রতি ইসালে সওয়াব করা হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
‘ফাতিহা-ই-ইয়াজদহম’-এর ইতিহাস
শব্দগত দিক থেকে এটি ফারসি ভাষার দুটি শব্দের চমৎকার এক সমন্বয়। ‘ফাতিহা’-এর অর্থ দোয়া, মোনাজাত, জিয়ারত বা কোনো বুজুর্গের রুহের মাগফিরাত ও মর্যাদা কামনায় কুরআন তিলাওয়াত করে ইসালে সওয়াব করা।
আর ‘ইয়াজদহম’- এটি একটি ফারসি সংখ্যাবাচক শব্দ, যার অর্থ ‘এগারো’। সুতরাং ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়। এই ফাতিহা-ই-ইয়াজদাহম শরিফ আবদুল কাদের জিলানী এর স্মরণে পালিত হয়।
হিজরি রবিউস সানি (বা রবিউল আখির) মাসের ১১তম দিনে আবদুল কাদির জিলানি (রহ.) ইন্তেকাল করেন। তাই প্রতি বছর এই বিশেষ দিনে তাঁর অম্লান স্মরণে আয়োজিত ইসালে সওয়াব ও মোনাজাতের মাহফিলকে ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ বলা হয়। সে হিসেবে এ বছর ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে।
আধ্যাত্মিক সাধক আবদুল কাদির জিলানি (রহ.)
৪৭০ হিজরিতে (১০৭৮ খ্রিষ্টাব্দে) ইরানের জিলান প্রদেশের কাস্পিয়ান সমুদ্রের তীরবর্তী মনোরম এক শহরে জন্ম নেন এই মহাপুরুষ। পিতৃসূত্রে তিনি হজরত হাসান (রা.) এবং মাতৃসূত্রে হজরত হোসাইন (রা.)-এর বংশধর ছিলেন।
বাল্যকালেই উচ্চতর জ্ঞানার্জনের অদম্য তৃষ্ণা নিয়ে তিনি তৎকালীন জ্ঞানের কেন্দ্রবিন্দু বাগদাদে গমন করেন। সেখানে শায়খ আবু জাকারিয়া তাবরিজি (রহ.)-সহ সময়ের সেরা আলেমদের সান্নিধ্যে থেকে তাফসির, হাদিস, ফিকহ ও আরবি সাহিত্যে গভীর পাণ্ডিত্য অর্জন করেন।
তিনি কেবল তত্ত্বীয় সুফিসাধকই ছিলেন না; একাধারে ইতিহাস, ভূগোল, দর্শন ও কাব্যে ছিলেন অগাধ পণ্ডিত। একই সাথে তিনি ছিলেন হাম্বলি ও শাফেয়ি মাজহাবের শীর্ষস্থানীয় ফকিহ। আল্লাহ তাআলা তার অনুগত ও বুজুর্গ বান্দাদের মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
‘জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর অলি বা বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবেন না।’ (সুরা ইউনুস: আয়াত ৬২)
বাগদাদে আবদুল কাদির জিলানি (রহ.)-এর বয়ান ও রূহানি নসিহত শোনার জন্য হাজার হাজার ব্যাকুল মানুষের সমাগম হতো। তার সুগভীর জ্ঞান, হৃদয়স্পর্শী প্রজ্ঞা ও মোহাচ্ছন্ন কণ্ঠের দরসে মুগ্ধ হয়ে হাজার হাজার অমুসলিম স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করেন এবং অজস্র পথভ্রষ্ট মানুষ খুঁজে পান হিদায়েতের সরল পথ। এমনকি সুলতান নুরুদ্দিন জেনকি ও ক্রুসেডজয়ী গাজি সালাহউদ্দিন আইয়ুবির বিশেষ কয়েকজন উপদেষ্টা ও সেনাপতি সরাসরি তার দরসের ছাত্র ছিলেন।
কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হিসেবে সমগ্র বিশ্বে তাসাউফের সুমহান দ্বীনি সংস্কারক হয়ে উঠেছিলেন তিনি। সুফি ধারায় পরম আধ্যাত্মিক উচ্চ মর্যাদার কারণে তাকে ‘গাউসুল আজম’ বা ‘বড়পীর’ নামে ডাকা হয়। তার কালজয়ী গ্রন্থাবলি- ‘গুনিয়াতুত তালিবিন’, ‘ফাতহুল গাইব’, ‘আল-ফাতহুর রাব্বানি’ ও ‘কাসিদায়ে গাউসিয়া’ আজও ইসলামি আলেম সমাজ ও আধ্যাত্মিক জ্ঞানপিপাসুদের পরম সম্পদ।