
হেল্থ ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯ জন, ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮, চট্টগ্রামে ৩১৭ জন, ময়মনসিংহে ১১৩ জন, রংপুরে ৫৯ জন, সিলেটে ৮ জন এবং রাজশাহীতে ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।