
ডেস্ক রিপোর্ট
ঈদুল আজহার আগাম ঈদযাত্রার প্রথম দিনেই দেশের সড়ক-মহাসড়কগুলোতে লাশের মিছিল শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৬টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন যাত্রী ও চালক নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে, যেখানে একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন শ্রমজীবী মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, বগুড়ায় চারজন, কিশোরগঞ্জে তিনজন, সিরাজগঞ্জে তিনজন, মানিকগঞ্জে একজন ও গোপালগঞ্জে একজন মারা গেছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন ভাড়ার খচর বাঁচাতে যাত্রীবাহী পরিবহনে না উঠে নিহতরা রডবোঝাই একটি ট্রাকের ওপর উঠে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
বগুড়া: বগুড়ার ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও একজন গুরুতর আহত হন। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তণু আক্তার (২০)। আহত হয়েছেন—অটোরিকশাচালক শাওন মিয়া (১৮)। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
এ ছাড়া, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— আনিছুর রহমান ও তার চার বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগম নিহত আনিছুর রহমানের স্ত্রী। আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছয় বছরের শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন— মিঠামইন উপজেলার মহিষা কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও সন্তান আয়ান (৬)।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার বেলা ১১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় দুইজন মারা যান।
নিহতরা হলেন—পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) ও শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের আলমগীরের ছেলে আহম্মদ (৭)।
এ ছাড়া, একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে আহম্মদ রাস্তা পারের সময় সিমেন্টবোঝাই ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের কিটিংচর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় জানা যায়নি।