1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

একাডেমিক কাউন্সিলে জাকসুর ১৩ দফা দাবি পেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

জাবি প্রতিনিধি

মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি চালু, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন এবং মানোন্নয়ন পরীক্ষার সুযোগ সম্প্রসারণসহ ১৩ দফা দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব দাবি আগামীকালের একাডেমিক কাউন্সিল সভায় পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) বরাবর ১৩ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক শাফায়েত মীর।

শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি চালুর জোর দাবি জানিয়েছে জাকসু। পাশাপাশি গবেষণার স্বার্থে আন্তর্জাতিক জার্নাল ও অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বাড়ানো এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে শিক্ষার্থীদের নিয়োগের সুযোগ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বিভিন্ন যন্ত্রপাতিভিত্তিক সার্টিফিকেট কোর্স চালু এবং সেখানে শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত দাবিগুলোর মধ্যে রয়েছে সেশনজট নিরসনে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ এবং মানোন্নয়ন পরীক্ষার শর্ত শিথিল করা। এ ক্ষেত্রে বর্তমান জিপিএ ৩.০০-এর পরিবর্তে জিপিএ ৩.২৫ পর্যন্ত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া চূড়ান্ত পরীক্ষার খাতা প্রাতিষ্ঠানিকভাবে পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টি, ফল মূল্যায়নে অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিশেষ পরিস্থিতিতে সম্মান শেষ বর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং চূড়ান্ত পরীক্ষার সময়সূচি শিক্ষার্থীবান্ধবভাবে পুনর্বিন্যাসের দাবিও রয়েছে।

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি জানিয়েছে জাকসু। একই সঙ্গে বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের জনবলসংকট দ্রুত নিরসন, পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখক অনুমোদনের প্রক্রিয়া সহজ করে বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণের দাবিও ১৩ দফার অন্তর্ভুক্ত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম বলেন, “জাকসুর পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে। দাবিগুলো এজেন্ডাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল একাডেমিক কাউন্সিলে শিক্ষকরা দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন।”

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park