1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে এবং বর্তমানে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির বি-ব্লকের ১ নম্বর রোডের বাসিন্দা।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলা অংশের ওয়াচ টাওয়ার এলাকার করচগাছের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত আলী আকবর খানের মেয়ের জামাতা খাইরুল হাসানের বন্ধু ও একই নৌকার ভ্রমণসঙ্গী আনিসুর রহমান জানান, আলী আকবর খান হৃদরোগে আক্রান্ত ছিলেন। বিকেলে তিনি ওয়াচ টাওয়ারের কাছের একটি করচগাছ ধরে গোসল করছিলেন। হঠাৎ গাছ থেকে হাত ফসকে পানিতে তলিয়ে যাওয়ার সময় আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জন পর্যটকবাহী একটি নৌকা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। ওই নৌকায় আলী আকবর খান তার স্ত্রী, মেয়ে ও জামাতা খাইরুল হাসানের সঙ্গে ছিলেন। খাইরুল হাসানের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার কেতুপাড়া গ্রামে হলেও বর্তমানে তিনিও রাজধানীতে বসবাস করছেন।

বিকেলে নৌকার পর্যটকরা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নেমে গোসল করছিলেন। আলী আকবর খানও গোসলে নামেন, কিন্তু হঠাৎ পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাফিসাদ আহমদ জানান, বিকেল ৫টার দিকে এক পর্যটককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বিষয়টি থানায় জানানো হয়েছে। স্বজনরা জানিয়েছেন, তিনি হৃদরোগে ভুগছিলেন এবং গোসলের সময় তলিয়ে গিয়েছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে আলী আকবর খান ওয়াচ টাওয়ার এলাকার একটি গাছের কাছে গোসল করার সময় হাত ছুটে পানিতে তলিয়ে যান। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park