1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্বাস্থ্য ডেস্ক

দেশে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে এসব চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল অফিসার এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে কাজ করবেন। তাদের বেতন-ভাতা বাবদ সরকারের বছরে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুই বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবা চালুর পাশাপাশি ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের জনপ্রতি মাসিক বেতন-ভাতার গড় হবে প্রায় ৪৮ হাজার টাকা। সারা দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসব পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন জনবল নিয়োগের মাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সংকট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা সম্ভব হবে।

এদিকে চলতি অর্থবছরে শুধু স্বাস্থ্য খাতেই বিভিন্ন পদ সৃষ্টি করে মোট ১৫ হাজার ৮২০ জন নতুন জনবল নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park