1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্কের টিকা দেওয়া শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার

জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং কুকুরের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা বেওয়ারিশ কুকুরকে এ টিকার আওতায় আনা হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে ফেনির ‘ডগ এক্সপার্ট টিম’-এর সদস্যদের সঙ্গে চুক্তি করেছে পৌরসভা। তারা পৌর এলাকার বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেবেন।

পৌর কর্তৃপক্ষের আশা, ব্যাপকভাবে কুকুরকে টিকা দেওয়া হলে কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমবে। একই সঙ্গে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।

এদিকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে গত তিন মাসে অন্তত ৭ হাজার ৫০০ মানুষ জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের এ তথ্য থেকে কুকুরের কামড়ের পর মানুষের মধ্যে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রবণতা ও প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park