
স্টাফ রিপোর্টার (বাগেরহাট প্রতিনিধি)
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাগেরহাট সদর কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাগেরহাট সদর পিএফজির কো-অর্ডিনেটর এস. কে. এ. হাসিব এবং সঞ্চালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ (বুলু), পৌর বিএনপির নেতা সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, পিএফজি অ্যাম্বাসেডর ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শহীদুর রহমান (ভুট্টু), ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. শরিফুল ইসলাম ঠান্ডু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান, এনসিপি বাগেরহাট শাখার প্রতিনিধি মিস সুমি, সাংবাদিক সাকির হোসেন, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি মারকুস রাসেল, নারী উদ্যোক্তা ফারজানা জামান, আজমিরা খাতুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সভায় বাগেরহাট সদর উপজেলায় পিএফজি কমিটির মাধ্যমে দলমত নির্বিশেষে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদার, সহিংসতা প্রতিরোধ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং বিভিন্ন শান্তি প্রতিষ্ঠামূলক কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।