
স্টাফ রিপোর্টার
ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ মানেই কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর উৎসব। সেই আবহে এবার রাজধানী ঢাকাও সেজেছে ভিন্ন এক রূপে। বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি থাকছে জনপ্রিয় শিল্পীদের কনসার্ট ও দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের রাতকে ঘিরে রাজধানীজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েন্স যৌথভাবে ‘ফাইনাল কিকঅফ’নামের এক অনুষ্ঠান আয়োজন করেছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধ্যা থেকেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশদ্বার। ফাইনাল শুরুর আগে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, রকশিল্পী ফিরোজ জং, ডিজে রিয়ন, ডিজে সাদমান, মিঠুন দাসসহ আরও অনেকে। পাশাপাশি থাকবে নৃত্য পরিবেশনা। এরপর বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপ ফাইনাল। এই অনুষ্ঠানের প্রবেশমূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
অন্যদিকে ‘দ্য ফাইনাল হুইসেল’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে ব্ল্যাক এক্স ফোর্স। এখানে খেলার পাশাপাশি দর্শক উপভোগ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার পরিবেশনা। ম্যাচ শেষ হলেও শেষ হবে না উৎসব। গভীর রাত পর্যন্ত চলবে ব্যান্ড দ্য ব্রাউন বিটস, জেসিয়া ইসলামসহ একাধিক শিল্পীর পরিবেশনা। এছাড়া দর্শকদের জন্য থাকছে ফটোবুথ, অংশগ্রহণমূলক নানা গেমস এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা।
মিরপুর-১ এলাকার এমআইএসটি টাওয়ারের মাঠেও থাকছে বিশ্বকাপ ফাইনাল ঘিরে বর্ণাঢ্য আয়োজন। রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এভয়েড রাফা, ডিজে সারান ও ডিজে ওয়াহিদের পরিবেশনার পাশাপাশি থাকবে আলোকসজ্জা, আতশবাজি, ফেস পেইন্টিং এবং ফটো কর্নার। রাত ১টায় বিশাল পর্দায় সরাসরি উপভোগ করা যাবে ফাইনালের লড়াই।
এদিকে বনানীতে চলমান ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনটিও উৎসর্গ করা হয়েছে বিশ্বকাপ ফাইনালকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয় দেব। যিনি বিশ্বকাপের কানাডার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করেছেন। তার পরিবেশনার পর বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ফাইনাল। এই আয়োজনে প্রবেশমূল্যও রাখা হয়েছে ৭০০ টাকা।

শুধু আয়োজিত অনুষ্ঠানই নয়, রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থানেও থাকছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ফজলে রাব্বি হল, ঢাকা কলেজ, মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড, বনানীর কামাল আতাতুর্ক পার্ক, মোহাম্মদপুর, ধানমন্ডি ও পশ্চিম রামপুরাসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।
এ ছাড়া রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লে মেরিডিয়েন, ক্রাউন প্লাজা ও লেকশোর গ্র্যান্ডসহ কয়েকটি পাঁচতারকা হোটেলেও বড় পর্দায় ফাইনাল দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।