
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বিমান বাহিনী আজ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার -এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।
এ সময় মরহুমের পরিবারের সদস্যগণ, বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদসমূহে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়, একাত্তরের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এছাড়াও, বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজসমূহে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনীর উপর আলোকপাত ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।