1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ভেজাল খাদ্য সরবরাহ; চীনা মালিকের মালামাল বাজেয়াপ্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

স্পেশাল করেসপনডেন্ট

মানহীন ও অননুমোদিত রাসায়নিকযুক্ত ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের দায় স্বীকার করায় চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান আরবোটিং ফুড কোং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে বাজারে থাকা ওই কোম্পানির সব খাদ্যপণ্য আগামী সাত দিনের মধ্যে নিজ খরচে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ তলায় অবস্থিত বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মাহমুদুল হক এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, বিবাদী চীনা নাগরিক শেন মিহাও তার প্রতিষ্ঠান আরবোটিং ফুড কোং লিমিটেডের পক্ষে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় এবং ভবিষ্যতে এমন অপরাধ করবেন না অঙ্গীকার করায় বিচারক ১০ লাখ টাকা জরিমানা করেন। তা অনাদায়ে আইন অনুযায়ী শাস্তির আদেশ দেওয়া হয়।

মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ৩০ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাধীন সবুজবাগ থানার বাসাবো ওহাব কলোনির ‘রাহাত স্টোর’ থেকে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামক খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেন ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মোহাং কামরুল হাসান।

পরে সংগৃহীত নমুনা পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে পাঠানো হয়। ল্যাব টেস্টের রিপোর্ট অনুযায়ী পণ্যটি মানসম্মত নয় এবং অননুমোদিত ও অতিরিক্ত রাসায়নিক দ্রব্যাদি মেশানো বলে প্রমাণিত হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ল্যাব রিপোর্টের ওপর ভিত্তি করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৬, ২৭ ও ৩৯ ধারা ভঙ্গের অভিযোগে একই আইনের ৫৮ ধারায় আরবোটিং ফুড কোং লিমিটেডের চীনা মালিক শেন মিহাওয়ের বিরুদ্ধে পরিদর্শক মোহাং কামরুল হাসান বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা (মামলা নং ৩৩/২০২৬) করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুরের কাশিমপুর এলাকার পশ্চিম শৈলডুবিতে অবস্থিত কারখানাটিতে বিএসটিআইয়ের সঠিক অনুমোদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত রাসায়নিক যুক্ত খাবার তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park