
স্পোর্টস ডেস্ক
ফ্রান্সের আধিপত্যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কোয়াটার ফাইনালের আজকের ম্যাচটি। তবে আক্রমণের তুলনায় গোলের সংখ্যা ছিল কম। দীর্ঘ সময় নিজেদের রক্ষণভাগ শক্ত রেখে ফরাসিদের ঠেকিয়ে রেখেছিল মরক্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই (২) গোল হজম করে ছিটকে যেতে হয় তাদের। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।
এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ চারে উঠেছে এমবাপ্পের দল, আর কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয়েছে মরক্কোর স্বপ্নযাত্রা। ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় তারা। পেনাল্টি বক্সে এমবাপ্পেকে ফাউল করেন নুসাইর মাজরাউই, ফলে স্পট-কিকের সিদ্ধান্ত দেন রেফারি। তবে এমবাপ্পের নেওয়া দুর্বল শট অনায়াসেই রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
এরপর লুকা দিনের দূরপাল্লার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলে আরেকটি সুযোগ হাতছাড়া হয় ফরাসিদের। তবুও মরক্কোর রক্ষণভাগ দীর্ঘ সময় দৃঢ়তা দেখিয়ে যায়। অবশেষে দ্বিতীয়ার্ধে এসে জালের দেখা পায় ফ্রান্স। ৬০তম মিনিটে দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।
দ্বিতীয় গোলটির পেছনেও ছিল এমবাপ্পের গুরুত্বপূর্ণ ভূমিকা। তার চমৎকার দৌড়ে দুই ডিফেন্ডার নিজেদের অবস্থান ছাড়তে বাধ্য হন, ফলে বক্সের বাইরে দেম্বেলের সামনে তৈরি হয় ফাঁকা জায়গা। সেই সুযোগ কাজে লাগিয়ে নিচু ও বাঁকানো শটে বল পাঠান গোলমুখে। বুনু বল স্পর্শ করলেও সেটি জালের নিচের কোণে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল। দাপুটে এই জয়ে তারা নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট।
বিদায়ী কোচকে স্মরণীয় বিদায় উপহার দেওয়ার মিশনে থাকা ফরাসিরা এখন তাকিয়ে শেষ চারের লড়াইয়ে। আগামী মঙ্গলবার ডালাসে সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে স্পেন অথবা বেলজিয়াম।