
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। আজ শনিবার (২৯ আগস্ট) ব্যাটালিয়ন সদর, পদ্মশাখরা ও তলুইগাছা বিওপির পৃথক টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মেইন পিলার-১ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে।
একই দিন পদ্মশাখরা বিওপির একটি আভিযানিক দল মেইন পিলার-১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেউড়াবাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ‘Wincerex’ কাফ সিরাপ জব্দ করে। বিজিবির দাবি, এটি মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।
এ ছাড়া তলুইগাছা বিওপির আরেকটি দল চারাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, পৃথক অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্য ও মাদকের মোট বাজারমূল্য ১১ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।
৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ও উপ-পরিচালক মেজর শাদমান সাকিব বলেন, “শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশীয় শিল্প সুরক্ষা, রাজস্ব ফাঁকি রোধ এবং সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”