1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

স্টেজ মাতিয়েও মৌলিক গানে অটুট শিমলা আক্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ মাসুদ সরদার, নিজস্ব প্রতিবেদক

দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো করে দর্শকদের মাতিয়ে রাখলেও মৌলিক গান নিয়েও সমানতালে কাজ করে যাচ্ছেন নরসিংদীর কণ্ঠশিল্পী শিমলা আক্তার। বছরের অধিকাংশ সময় স্টেজ পারফরম্যান্সে ব্যস্ত থাকলেও নতুন নতুন মৌলিক গান প্রকাশের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

 

সম্প্রতি এক আড্ডায় সংগীতজীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে গিয়ে শিমলা আক্তার জানান, এখন পর্যন্ত তিনি দেশ-বিদেশে কয়েকশ স্টেজ শো করেছেন। প্রতিটি অনুষ্ঠানের অভিজ্ঞতা তার কাছে আলাদা। দর্শকদের ভালোবাসা ও সরাসরি সাড়া তাকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে।

 

স্টেজ পারফরম্যান্সে দর্শকদের পছন্দ প্রসঙ্গে তিনি বলেন, ফাস্ট বিট, ফোকধর্মী চটুল গান এবং জনপ্রিয় ডান্স নাম্বার পরিবেশনের সময় দর্শকদের সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায়। এসব গানের সঙ্গে শ্রোতারাও গলা মেলান এবং নেচে-গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

কাভার গানের পাশাপাশি নিজের মৌলিক গান নিয়েও বেশ গুরুত্ব দিচ্ছেন এই শিল্পী। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে রয়েছে ‘তুমি খুব সহজে ভাঙলা হৃদয়’, ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’।
প্রথম মৌলিক গান প্রকাশের অভিজ্ঞতা স্মরণ করে শিমলা বলেন, প্রথম গান প্রকাশের অনুভূতি ছিল ভিন্নরকম। শ্রোতাদের ইতিবাচক সাড়া তাকে আরও নতুন মৌলিক গান তৈরির সাহস জুগিয়েছে।

 

মৌলিক গানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কাভার গান হয়তো সাময়িক জনপ্রিয়তা এনে দেয়, কিন্তু একজন শিল্পীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে তার নিজের মৌলিক গান।”

প্রকাশিত গানগুলোর মধ্যে ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’ তার সবচেয়ে প্রিয়। বিশেষ করে ‘মায়াবতী কন্যা’ গানে ক্লোজআপ ওয়ানের তারকা গামছা পলাশের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে তিনি স্মরণীয় বলে উল্লেখ করেন।

 

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিমলা আক্তার জানান, নতুন কয়েকটি মৌলিক গানের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই গানগুলো মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হবে। একই সঙ্গে স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি নিজের মৌলিক গানও নিয়মিত পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park