
গাঙচিল নিউজ ডেস্ক
বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপড়া ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির ‘আল মাহমুদ লেখক কর্নার’ এ গতকাল শনিবার (১লা আগস্ট) বিকেলে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
“অআকখ” আয়োজিত এ ‘বইপড়া ও সাহিত্য আড্ডা’-য় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এক ঝাঁক তরুণ ও প্রতিভাবান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের বেশ কিছু শিক্ষার্থীরাও এই সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন।
আড্ডায় মূলত সাহিত্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, তাদের পাঠ এবং প্রতিক্রিয়া শোনা হয়। সাধারণ পাঠকেরা কী ভাবছে, কী পড়ছে এবং সাহিত্য নিয়ে কী করতে চায় সেসব উঠে আসে এ আড্ডায়।

আয়োজকরা জানান, ‘এই সাহিত্য আড্ডায় মূলত সাধারণ শিক্ষার্থীদের সাহিত্যপাঠ, তাদের ভাবনা ও প্রতিক্রিয়া তুলে ধরা হয়। পাশাপাশি সাহিত্যের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে বেশি বেশি বই পড়া এবং ইতিবাচক চিন্তা চর্চার আহ্বান জানানো হয়।