
স্পোর্টস ডেস্ক
বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত লিওনেল মেসির পাশে দাঁড়িয়েছে ফুটবল বিশ্ব। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল, মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ, রোসারিও সেন্ট্রাল ও ফ্রান্সের লিগ ওয়ানসহ বিভিন্ন ক্লাব ও সংস্থা আর্জেন্টিনা অধিনায়ক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দীর্ঘ অসুস্থতার পর শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিওর একটি ক্লিনিকে মারা যান হোর্হে। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মেসির পরিবারও বার্তা সংস্থা রয়টার্সকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
শোকবার্তায় কনমেবল জানিয়েছে, হোর্হের মৃত্যুতে সংস্থাটি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সম্মান ও ভালোবাসা নিয়ে মেসি, তার পরিবার, বন্ধু ও স্বজনদের পাশে থাকার কথাও জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাটি।
হোর্হেকে মেসির ক্যারিয়ারের নেপথ্যের অন্যতম প্রধান মানুষ হিসেবে স্মরণ করেছে নিউয়েলস। ক্লাবটি জানিয়েছে, স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে দূরদৃষ্টি, শৃঙ্খলা ও ভালোবাসা দিয়ে ছেলের ফুটবল ক্যারিয়ারের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।
নিউয়েলসের মালভিনাস মাঠে মেসির পথচলা শুরু থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো পর্যন্ত হোর্হের উপস্থিতি ও নেপথ্যের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেছে ক্লাবটি। নিজেদের একনিষ্ঠ সমর্থক হোর্হেকে বিদায় জানিয়ে মেসির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
নিউয়েলসের নগর প্রতিদ্বন্দ্বী রোসারিও সেন্ট্রালও হোর্হের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মেসি ও তার পরিবারের প্রতি সম্মান ও সমবেদনা জানিয়ে তার শান্তি কামনা করেছে ক্লাবটি। ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ানও মেসি ও তার স্বজনদের প্রতি সংহতি জানিয়েছে।
মেসির জীবনে হোর্হে শুধু বাবা ছিলেন না। দীর্ঘ সময় ছেলের প্রতিনিধি হিসেবে চুক্তি, দলবদল ও বাণিজ্যিক বিষয়গুলোও দেখেছেন তিনি। ১৩ বছর বয়সী মেসিকে নিয়ে বার্সেলোনায় গিয়েছিলেন হোর্হে। পরিবারের অন্য সদস্যরা আর্জেন্টিনায় ফিরে গেলেও কঠিন সময়টিতে ছেলের পাশে স্পেনেই থেকে যান তিনি।
বাবার গুরুত্ব বোঝাতে মেসি একবার বলেছিলেন, ছোটবেলা থেকেই হোর্হের অনুমোদন তার প্রয়োজন হতো। প্রতিটি ম্যাচের পর বাবার কাছে জানতে চাইতেন, তিনি কেমন খেলেছেন।