
স্পশাল করেসপনডেন্ট
সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকা থেকে উদ্ধারকৃত প্রেশার কুকার বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর-দূরান্ত থেকেও বিকট শব্দ শোনা যায়।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করেছে।
এর আগে, সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠে কালো স্কচটেপ পেঁচানো প্রেশার কুকার বোমাটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ দূরত্ব বজায় রেখে এলাকাটি ঘিরে রাখে।
এসআই ইমরান হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামটির ভেতরে জামাকাপড় ও কোরআন শরিফের পাশাপাশি কালো স্কচটেপ মোড়ানো একটি প্রেশার কুকার ছিল। পরে স্থানীয়রা প্রেশার কুকারটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে দেন।
তিনি আরও বলেন, বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রেশার কুকারটি দেখে প্রাথমিকভাবে বোমা বলে ধারণা করে। সঙ্গে সঙ্গে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যমতে অজ্ঞাত তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।