1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে বদলে গেল দুই নবজাতক ও মা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

হেল্থ ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে দুই শিশুর মায়ের নাম একই হওয়ায় নবজাতক অদলবদলের ঘটনা ঘটেছে। পরে এক পরিবারের সন্দেহ হলে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে যার যার সন্তানকে সঠিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গত সোমবার (২৪ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ঘটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত দুই পরিবারেরই সন্তান জন্ম নেয় গত বৃহস্পতিবার। সরিষাবাড়ীর জগন্নাথবাড়ি এলাকার মাসুদ ইসলাম ও নাদিরা দম্পতির কন্যাশিশুর জন্ম হয় জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে। জন্মের পর শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে শনিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

অন্যদিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের আবু রায়হান ও নাদিরা দম্পতির কন্যাশিশুর জন্ম হয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাভাবিক প্রসবের পর শিশুটির শারীরিক জটিলতা দেখা দিলে তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। দুই শিশুই চিকিৎসাধীন ছিল একই ইউনিটে। দুই মায়ের নামও ছিল একই ‘নাদিরা’। কিন্তু তাদের স্বামীদের নাম আলাদা।

উভয় নবজাতকের শারীরিক জটিলতা দেখা দিলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে সরিষাবাড়ীর নাদিরা বেগমকে ছাড়পত্র দিয়ে গৌরীপুরের নাদিরা বেগমের সন্তান হস্তান্তর করা হয়। সরিষাবাড়ীর পরিবার বিষয়টি টের না পেয়ে শিশুটিকে নিয়ে বাড়ি চলে যায়।

গত সোমবার সন্ধ্যায় গৌরীপুরের আবু রায়হান তার সন্তানকে নিতে গেলে নবজাতকের চেহারা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারা সঙ্গে সঙ্গে আপত্তি জানান। প্রথমে বাগ্‌বিতণ্ডা হলেও পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হয় যে গৌরীপুরের শিশুটি আগেই সরিষাবাড়ীর পরিবারের সাথে চলে গেছে।

ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ রাতেই জামালপুরের সরিষাবাড়ীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এনআইসিইউর একটি দল রাতেই সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রাত ৩টায় ময়মনসিংহে ফিরিয়ে আনে। পরিচয় নিশ্চিত করার পর মঙ্গলবার সকালে স্ব-স্ব অভিভাবকের কাছে দুই নবজাতককে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম সাংবাদিকদের বলেন, “দুই নবজাতকের মায়ের নাম একই হওয়ায় হস্তান্তরের সময় বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিষয়টি জানার পর রাতেই ভুল করে দেওয়া শিশুকে ফিরিয়ে আনা হয়। পরে মঙ্গলবার সকালে দুই শিশুকে তাদের প্রকৃত পরিবারের কাছে দেওয়া হয়েছে।”

ঘটনাটিকে দায়িত্বে অবহেলা হিসেবে দেখা হচ্ছে কি না— এমন প্রশ্নে তিনি জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। যাদের দায়িত্বে গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park