
সাহামিনা দিতি, জাবি প্রতিনিধি
হামীদুল্লাহ সালমান (ইংরেজি বিভাগ- ৪৯) সভাপতি এবং মাহফুজুল হক (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ- ৫১) কে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার (১লা মার্চ) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি জহিরুল ইসলাম মির্জা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্ণবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সভাপতি জানান, “আমাদের প্রত্যেকটি সাফল্যে যেমন চাঁদপুরের সুনাম অর্জন হয়, তেমনিভাবে খেয়াল রাখতে হবে আমাদের এমন কোনো কর্মকাণ্ড যেন না হয় যার মাধ্যমে সামগ্রিক সুনাম প্রশ্নবিদ্ধ হয়। ক্যাম্পাসে চাঁদপুরের সকল শিক্ষার্থীর মধ্যে একটি সুন্দর, নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ গড়ে তুলতে চাই।”
নতুন দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক মাহফুজুল হক গাঙচিল নিউজকে বলেন, “দল, মত বা ব্যক্তিগত পার্থক্যকে পাশে রেখে সম্মিলিত উদ্যোগ, সৃজনশীল কর্মসূচি ও গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদকে একটি আদর্শ, দায়িত্বশীল ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক আস্থাই হবে আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি।”