
নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি তাঁর সুস্পষ্ট পরিকল্পনায় নিহিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ শিরোনামে জাতির সামনে যে রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের শুরুতে একই বাক্য ব্যবহার করে পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।
শুক্রবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘আপন, ঢাকা’র উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছেন। শুনে মনে হয়েছে, পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের যে দর্শন তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, সেই একই ভাষায় জনগণের কাছে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হচ্ছে।”
তিনি আরও বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং নেতৃত্বের প্রতি আস্থা অর্জন করে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জনগণও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার প্রতি আস্থা রেখেই তাঁকে এবং তাঁর দলকে সমর্থন দিয়েছে।
মন্ত্রী বলেন, তারেক রহমানের পরিকল্পনার অন্যতম ভিত্তি হলো ধর্ম, বর্ণ, ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
তিনি উল্লেখ করেন, মহাত্মা ভেগাই হালদারও মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং সহাবস্থানের আদর্শ প্রচার করে গেছেন। বাংলাদেশকে সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, বিভাজনের রাজনীতির কোনো স্থান এ দেশে হবে না।
তিনি আরও বলেন, একক ধর্ম, একক সংস্কৃতি বা একদলীয় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা মানবতা, সভ্যতা ও প্রকৃতির স্বাভাবিক নিয়মের পরিপন্থী। ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আপন, ঢাকা’র সভাপতি শচীন্দ্র নাথ হালদার।